© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রণবীর এর কাছে ১০ কোটি টাকা দাবি গ্যাংস্টারদের

শেয়ার করুন:
রণবীর এর কাছে ১০ কোটি টাকা দাবি গ্যাংস্টারদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৮ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডে যেন থামছেই না গ্যাংস্টার আতঙ্ক। সালমান খান–এর পর এবার বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। কয়েক দিন আগে গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি রণবীরকে ভয়েস বার্তায় হুমকি দেন। সেখানে তাকে ‘লাইনে’ আসার কথা বলা হয়। তবে এবার সেই হুমকি আরও এক ধাপ এগিয়েছে। রণবীরের কাছে দাবি করা হয়েছে নগদ ১০ কোটি টাকা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি নিবন্ধিত ফোন নম্বর থেকে রণবীরের কাছে ভয়েস বার্তা পাঠানো হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই তৎপর হয়ে ওঠে মুম্বাই পুলিশ। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।



রণবীরের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। তার ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করা হয়েছে। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা অভিনেতার ব্যবস্থাপকের বয়ানও রেকর্ড করেছে। এর আগে পাঠানো এক ভয়েস বার্তায় রণবীরের পাশাপাশি পরিচালক রোহিত শেট্টি–র নামও উল্লেখ করা হয়েছিল বলে জানা গেছে।

হুমকিদাতার পাঠানো অডিও বার্তায় রণবীরকে উদ্দেশ্য করে বলা হয়, তিনি উপদেশ দিতে ভালোবাসেন, এবার যেন অন্যের কথা শোনেন। তার অধীনে কাজ করা ব্যবস্থাপক ও কর্মীদের সব তথ্য তাদের হাতে রয়েছে বলেও দাবি করা হয়। সরাসরি তাকে আঘাত না করে কর্মীদের লক্ষ্যবস্তু বানানোর হুমকিও দেওয়া হয়।

উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির তালিকায় শুধু রণবীর নন, রয়েছেন পরিচালক রোহিত শেট্টি এবং সালমান খানের ভগ্নিপতি আয়ুষ শর্মা। পুলিশ ইতোমধ্যে আয়ুষের ঘনিষ্ঠ সহকারীর জবানবন্দিও নিয়েছে। একের পর এক তারকাকে লক্ষ্য করে হুমকি দেওয়ায় বলিউড অঙ্গনে এখন চাঞ্চল্য ও উদ্বেগ বিরাজ করছে।

এসএন 

মন্তব্য করুন