দেবের ‘খাদান’ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন চঞ্চল চৌধুরী
ছবি: সংগৃহীত
০৩:৪৯ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা ও কলকাতায় সমানতালে কাজ করে চলেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সম্প্রতি কলকাতায় শেষ করেছেন ব্রাত্য বসু পরিচালিত ‘শেকড়’ সিনেমার কাজ।
সেখানে অনেকের সঙ্গে কাজ করা হলেও এখনো দেবের সঙ্গে কাজ করা হয়নি চঞ্চলের। মাঝে দুইবার প্রস্তাব পেলেও তা আর হয়ে উঠেনি বলে জানিয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে চঞ্চল চৌধুরী জানান, দেব অভিনীত ‘খাদান’ ছবিতে তাঁর অভিনয়ের কথা ছিল। এমনকি তার আগেও আরেকটি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছিলেন। তবে সময়ের জটিলতার কারণে সেই কাজগুলো করা সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে দেবের কাছে দুঃখও প্রকাশ করেছেন জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে আমার প্রতি দেবের একটা অভিমানও আছে।
আমরা ব্যক্তিগতভাবে দেশে বা বিদেশে বিভিন্ন ফেস্টিভ্যালে গিয়ে আমরা একসঙ্গে আড্ডা দিয়েছি; ও খুব বেশি করে চেয়েছে আমি ওর সাথে কাজ করি, আমিও চেয়েছি। সবশেষ দেবের সঙ্গে দেখা হওয়ার পর বলেছি, আমরা অবশ্যই একসঙ্গে কাজ করব।
এদিকে চঞ্চলকে দেখা যাবে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। এছাড়াও রয়েছে লিসা গাজী নির্মিত ‘শাস্তি’, যেখানে তার বিপরীতে রয়েছেন পরীমনি।
পিআর/টিকে