© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভূমি দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে: ভূমি প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
ভূমি দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে: ভূমি প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৯ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকা নেত্রকোনায় এসে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তিনি বলেন, এখন প্রধান কাজ হচ্ছে মন্ত্রণালয়ের ইমেজ পুনরুদ্ধার করা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকার কলমাকান্দা উপজেলায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
 
ভূমি দফতরের দুর্নীতি বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভূমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে। সরকারের পক্ষ থেকে ১৮০ দিনের খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। জনগণের কাছে দায়বদ্ধতা থাকায় জনবান্ধব সরকার হতে হবে। এটি অংশগ্রহণমূলক দেশ। জনগণকে সম্পৃক্ত করেই কাজ করতে চাই। প্রমাণ করতে চাই এই সরকার জনগণের সরকার। শুধু এটাই না, বিএনপি সরকার যে জনগণের সরকার, এটা প্রমাণ করব ইনশাআল্লাহ।’
  
সংবিধান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবিধান নিয়ে যে কথা বলা হচ্ছে, তা দেশের নির্বাচিত সংসদ নির্ধারণ করবে কীভাবে কী হবে। ইতোমধ্যে আপনারা জানেন, রাষ্ট্র সংস্কারের কিছু নীতিমালা সংস্কার করা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় সে বিষয়টি নিয়ে কাজ করছে। জনগণের সরকার ও জনবান্ধব সরকার জনগণের কল্যাণে যতখানি দরকার, সেটাই বাস্তবায়ন করবে।’
 
এর আগে সকালে কলমাকান্দায় পৌঁছালে উপজেলা পরিষদ চত্বরে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান শেষে তিনি সেখানে একটি ঔষধি গাছ রোপণ করেন। পরে নিজ গ্রাম চত্রংপুরের মসজিদে জুমার নামাজ আদায় করে বাবা–মায়ের কবর জিয়ারত করেন তিনি।
 
বিকালে উপজেলা পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক আলোচনা সভায় তাঁর মিলিত হওয়ার কথা রয়েছে।

এমআই/টিকে 

মন্তব্য করুন