ভাইঝির বিদায়ে আবেগঘন রাজপাল!
ছবি: সংগৃহীত
০৫:৪৪ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
তিহার সংশোধনাগার থেকে অন্তর্বর্তী জামিনে মুক্তি পাওয়ার পর সরাসরি ভাইঝির বিয়েবাড়িতে পৌঁছেছিলেন অভিনেতা রাজপাল যাদব। বহু টানাপোড়েনের মাঝেও পরিবারের এই বিশেষ মুহূর্তে পাশে থাকতে চেয়েছিলেন তিনি। সেই আবেগঘন উপস্থিতির একাধিক ছবি ও দৃশ্য এখন ঘুরছে সমাজমাধ্যমে।
বিয়ের আসরে পৌঁছে কখনও নাচে মেতে উঠেছেন, কখনও আত্মীয়স্বজনদের সঙ্গে গল্পে মিশেছেন। গ্রামের বাড়ির সেই আয়োজনে তাঁকে ঘিরে ছিল উৎসবের আমেজ। কিন্তু বিদায়ের মুহূর্তে ধরা পড়ল এক অন্য ছবি। নববধূ, অর্থাৎ অভিনেতার ভাইঝি, কাকাকে জড়িয়ে ধরেই কান্নায় ভেঙে পড়েন। চোখে জল, মুখে বিদায়ের বেদনা। সেই মুহূর্তে রাজপাল তাঁকে শান্ত করে বলেন, তুমি তো খুব বুদ্ধিমতী। আবেগে ভেসে যাওয়া ভাইঝিকে সান্ত্বনা দেওয়ার সেই দৃশ্য ছুঁয়ে গেছে অনেককেই।
এর আগে বিয়ের অনুষ্ঠানে মহিলাদের সঙ্গে নাচতেও দেখা গিয়েছিল তাঁকে। নেপথ্যে বাজছিল জনপ্রিয় ছবির একটি গান। মুক্তির পর থেকেই পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেতাকে।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি আর্থিক মামলায় আত্মসমর্পণ করেছিলেন রাজপাল। প্রায় ৯ কোটি টাকার ঋণ সংক্রান্ত অভিযোগে তাঁকে তিহার সংশোধনাগারে থাকতে হয়। অতিরিক্ত সময়ের আবেদন খারিজ হওয়ার পরই তিনি আত্মসমর্পণ করেন। পরে অন্তর্বর্তী জামিন মেলে। মুক্তির পর তিনি জানান, সংশোধনাগারে সাধারণ মানুষ ও সম্মানিত ব্যক্তির মধ্যে কোনও ভেদাভেদ করা হয় না। একই সঙ্গে যাঁরা পাশে দাঁড়িয়েছেন, তাঁদের কৃতজ্ঞতাও জানান তিনি।
আইনি জটিলতার চাপের মধ্যেও ভাইঝির বিয়ের আনন্দে অংশ নেওয়া এবং বিদায়ের ক্ষণে স্নেহমাখা সান্ত্বনা রাজপালের এই মানবিক রূপই এখন আলোচনার কেন্দ্রে।
পিআর/টিকে