© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহরুখ-রণবীর অতীত, কাউকে না পেয়ে নিজেই ‘ডন’ হবেন ফারহান!

শেয়ার করুন:
শাহরুখ-রণবীর অতীত, কাউকে না পেয়ে নিজেই ‘ডন’ হবেন ফারহান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৪ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডে আবারও তুঙ্গে ‘ডন’ বিতর্ক। বহুদিন ধরেই আলোচনায় রয়েছে ডন ৩। তবে এবার চর্চার কেন্দ্রে পরিচালক-অভিনেতা ফারহান আখতার নিজেই। শোনা যাচ্ছে, ছবির নায়কসংকট সামলাতে তিনি নাকি নিজেই পর্দায় ‘ডন’ হয়ে উঠতে পারেন। যদিও গোটা বিষয়টিই আপাতত গুঞ্জনের পর্যায়ে।

‘ডন’ নামটি বলিউডে এক ঐতিহ্যের মতো। প্রথমে এই চরিত্রে অভিনয় করে কিংবদন্তি হয়ে উঠেছিলেন অমিতাভ বচ্চন। পরে সেই উত্তরাধিকার বহন করেন শাহরুখ খান। তাঁদের পরবর্তী উত্তরসূরি হিসেবে যখন রণবীর সিংর নাম ঘোষণা করা হয়, তখন থেকেই দর্শকের একাংশের আপত্তি শুরু হয়। সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মনে করেছিলেন, এত বড় দুই তারকার জায়গায় রণবীরকে মানাতে সময় লাগবে।

এরই মধ্যে আচমকাই ছবি থেকে সরে দাঁড়ান রণবীর। তারপর থেকেই ফারহান ও রণবীরের সম্পর্ক নিয়ে নানা কানাঘুষো শোনা যায়। একে অপরকে সামাজিক মাধ্যমে অনুসরণ না করা, দূরত্ব বজায় রাখা সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়।



এই আবহেই নতুন করে শোনা যাচ্ছে, ছবির ভবিষ্যৎ রক্ষা করতে ফারহান নাকি নিজেই ‘ডন’ চরিত্রে অভিনয়ের কথা ভাবছেন। যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই। তবু প্রশ্ন উঠছে, পরিচালক হিসেবে সফল ফারহান কি দর্শকের কাছে ‘ডন’ হিসেবে গ্রহণযোগ্য হবেন?

এর আগে শোনা গিয়েছিল, ফারহান নাকি পরিচালনার দায়িত্ব থেকেও সরে দাঁড়াতে পারেন। এমনকি শাহরুখ খানর সঙ্গে যোগাযোগের কথাও রটেছিল। পরে অবশ্য জানা যায়, সেই খবর ভুয়ো। অন্যদিকে হৃতিক রোশনর নামও ঘুরে বেড়ায় সম্ভাব্য নায়ক হিসেবে। কিন্তু তিনিও স্পষ্ট জানিয়ে দেন, এ বিষয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনা হয়নি।



সব মিলিয়ে ‘ডন ৩’ এখন যেন অনিশ্চয়তার চৌরাস্তার মোড়ে। নায়ক কে, পরিচালনায় থাকছেন কে এসব প্রশ্নের উত্তর মিলছে না। তবে একটা বিষয় পরিষ্কার, এই ফ্র্যাঞ্চাইজির প্রতি দর্শকের আবেগ এতটাই গভীর যে, সামান্য গুঞ্জনেও তৈরি হচ্ছে বড় বিতর্ক। এখন দেখার, ফারহান কি সত্যিই নিজেই ‘ডন’ হয়ে নতুন অধ্যায় শুরু করেন, নাকি আবারও চমক অপেক্ষা করছে বলিউডের ঝুলিতে।

পিআর/টিকে

মন্তব্য করুন