© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তালা ভেঙে আ.লীগ কার্যালয়ে টাঙানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

শেয়ার করুন:
তালা ভেঙে আ.লীগ কার্যালয়ে টাঙানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৩ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। শুক্রবার তারাবির নামাজ চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, হেলমেট ও মুখোশধারী একদল দলীয় নেতা-কর্মী তালা ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার দাবিতেও স্লোগান তোলেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের কার্যালয়ে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। দীর্ঘ ১৮ মাস পর হঠাৎ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙানো নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাঘারপাড়া উপজেলা শাখা। তারা এ ঘটনায় জড়িতদের এবং নেপথ্যের মদদদাতাদের ২৪ ঘণ্টার মধ্যে আটকের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কাউকে সেখানে পাওয়া যায়নি। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

উল্লেখ্য, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বাঘারপাড়া থানা চত্বর থেকে মাত্র তিনশ মিটার দূরে অবস্থিত। প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ সংগঠনের এমন কর্মকাণ্ডে হতবাক স্থানীয়রা।

এসএস/টিএ

মন্তব্য করুন