একুশে ফেব্রুয়ারি স্বাধীনতার প্রথম সোপান : বিদ্যুৎমন্ত্রী
ছবি: সংগৃহীত
১১:৩২ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একুশে ফেব্রুয়ারি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার প্রথম সোপান। এই দিনই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল এই বাংলাদেশ একটি স্বাধীন সত্তা হবে। ভাষার জন্য লড়াই মানে, একটি মানচিত্রের জন্য লড়াই। সেই লড়াই ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শুরু হয়েছিল, শেষ হয়েছে ৭১ সালে।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনস্থ মুক্তির সোপান শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
নতুন প্রজন্মকে উদ্দেশ্যে বিদ্যুৎমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কাছে বার্তা হলো, নিজের মাতৃভাষাকে সবার উপরে রাখতে হবে এবং নিজের মাতৃভাষাকে রক্ষা করতে হবে। ২১ আমাদের এটাই শেখায়।
শহীদ মিনারে বিদ্যুৎমন্ত্রী ফুলেল শ্রদ্ধা জানানোর পরই জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পুলিশ সুপারের পক্ষে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ফুলেল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ফুলেল শ্রদ্ধা জানান।
কেএন/টিএ