জেনে নিন রমজানে ইফতারের জন্য খেজুরের স্মুদি তৈরির রেসিপি
ছবি: সংগৃহীত
০৪:৪৭ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় এক গ্লাস ঠান্ডা পানীয় যেন আলাদা স্বস্তি এনে দেয়। অনেকেই তাড়াহুড়োয় বাইরে থেকে কেনা প্রস্তুত শরবত গুলিয়ে খান। সাময়িকভাবে তাতে তৃষ্ণা মেটে, জিভে লাগে মিষ্টি স্বাদও। কিন্তু পুষ্টিবিদদের মতে, অতিরিক্ত চিনি ও কৃত্রিম উপাদানে ভরা এসব পানীয় দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ইফতারের টেবিলে স্বাস্থ্যকর বিকল্প রাখাই বুদ্ধিমানের কাজ।
বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই সহজে তৈরি করা যায় পুষ্টিকর ও সুস্বাদু পানীয়। তার মধ্যে খেজুরের স্মুদি হতে পারে অনন্য এক পছন্দ। খেজুর রোজাদারের শরীরে দ্রুত শক্তি জোগায়, দুধ ও দই যোগ করে প্রয়োজনীয় প্রোটিন ও ক্যালসিয়াম, আর কলা দেয় প্রাকৃতিক মিষ্টতা ও ঘনত্ব। সামান্য দারুচিনি গুঁড়া ও মধু স্বাদে আনে ভিন্নতা।

এই পানীয় তৈরির জন্য প্রথমে পরিষ্কার গরম পানিতে খেজুর কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, যাতে তা নরম হয়ে যায়। এরপর পানি ঝরিয়ে নিয়ে খেজুরের সঙ্গে পাকা কলা টুকরো করে মেশাতে হবে। তারপর দুধ, দই, দারুচিনি গুঁড়া ও মধু একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে, মিশ্রণে যেন কোনো দানাদার অংশ না থাকে। মসৃণ হয়ে এলে কাঁচের গ্লাসে ঢেলে উপরে পরিমাণমতো বরফ ছড়িয়ে পরিবেশন করা যায়।
ইফতারের ঠিক আগে এই পানীয় তৈরি করলে স্বাদ থাকে সবচেয়ে ভালো। অনেকক্ষণ রেখে দিলে স্বাদের পরিবর্তন হতে পারে। তাই স্বাস্থ্য ও স্বাদের কথা ভেবে ঘরেই তৈরি করুন খেজুরের স্মুদি, আর ইফতারকে করে তুলুন আরও পুষ্টিকর ও প্রশান্তিদায়ক।
এমকে/টিএ