© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় এনসিপি নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
বগুড়ায় এনসিপি নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৫ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মিজানুর রহমান সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

মিজানুর রহমান সাগরের দলীয় পদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জিম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের আগস্ট মাসে ঘটনার দিন রাতে কলেজের সামনে চা পানকালে মিজানুরসহ আরও ৪ থেকে ৫ জন মোটরসাইকেলে এসে রুবেল প্রামানিককে জোরপূর্বক অডিটোরিয়ামের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে। রুবেল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এক পর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা আদায় করা হয় এবং কাছে থাকা আরও ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, রুবেল প্রামানিক নামের একজন ব্যবসায়ী সাগরের বিরুদ্ধে গত ৩০ আগস্ট সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সেই মামলায় সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এমআই/টিকে 

মন্তব্য করুন