© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিয়ানগরে মাতৃভাষা দিবস অনুষ্ঠানে দাওয়াত পায়নি বিএনপি, নেতাকর্মীদের ক্ষোভ

শেয়ার করুন:
জিয়ানগরে মাতৃভাষা দিবস অনুষ্ঠানে দাওয়াত পায়নি বিএনপি, নেতাকর্মীদের ক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৬ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় দাওয়াতপত্র না পাওয়ার অভিযোগ তুলে অনুষ্ঠানে অংশ নেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপিকে কোনো দাওয়াতপত্র পৌঁছায়নি বলে দাবি করেন দলটির নেতারা। দাওয়াত না পাওয়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেননি।

আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকলেও বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকে দেখা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওলিউর রহমান রুবেল, শরণখোলা থানার ওসি মো. শামীম হাওলাদার, জামায়াতের আমির মাও. আলী হোসেন ও বীর মুক্তিযোদ্ধা বাবু স্বপন কুমার ডাকুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ বলেন, ‘আমরা ২১ ফেব্রুয়ারির আলোচনা সভার কোনো চিঠি বা ফোন পাইনি।

বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতারা প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছি। কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাওয়াত না পাওয়ায় আলোচনা সভায় অংশগ্রহণ করিনি।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন জানান, ‘শহীদ বেদিতে প্রথম প্রহরে পুষ্পমাল্য অর্পণের পর আলোচনা সভায় যোগ দিইনি। দাওয়াতপত্র না পাওয়ায় নেতাকর্মীরা ভোর থেকেই বিএনপি কার্যালয়ে এসে ক্ষোভ প্রকাশ করেন।

অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, ‘জারিকারকের মাধ্যমে উপজেলা বিএনপিকে দাওয়াতের চিঠি পাঠানো হয়েছিল। তবে তাকে না পাওয়ায় চিঠি পৌঁছানো সম্ভব হয়নি। গত ১৭ ফেব্রুয়ারির প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত না থাকায় কিছু জটিলতা তৈরি হয়েছে।’

টিকে/

মন্তব্য করুন