দক্ষিণাঞ্চলে উন্নয়নের পরিকল্পনা তুলে ধরলেন তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৭:৫৯ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজের জন্মভূমি বরিশালে এসেছেন জহির উদ্দিন স্বপন। তিনি বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে আয়োজিত মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি সাংবাদিকদের কাছে দক্ষিণাঞ্চলের উন্নয়ন বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, আমরা দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে ভাবছি। বিশেষ করে নৌবন্দরগুলোকে রাজধানীর সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। দক্ষিণ বাংলার পায়রা বন্দরকে রাজধানীর সাথে সংযুক্ত করতে ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের ফোর-লেন প্রকল্পের কাজের প্রক্রিয়া শুরু করা হবে । আপনারা জানেন, এই অঞ্চলের ভোলায় গ্যাস পাওয়া গেছে। কীভাবে এই গ্যাস উত্তোলন করে বরিশালসহ সারাদেশে কাজে লাগানো যায়, সেটি নিয়ে পরিকল্পনা করছি। ভোলা-বরিশাল সেতু নির্মাণ ও গ্যাস লাইন নেটওয়ার্ক- দুটোকেই সমন্বিতভাবে বিবেচনায় রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, কুয়াকাটা পর্যটনকেন্দ্র আমাদের বিশাল সম্পদ। এটিকে যদি আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় এবং সেখানে সরাসরি বিমান চলাচলের ব্যবস্থা করা যায়, তাহলে আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করা সম্ভব হবে। এতে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়বে এবং রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
তথ্যমন্ত্রী বলেন , দক্ষিণাঞ্চলের এসব গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করা হবে। বিশেষ করে এ অঞ্চলের দুইজন মন্ত্রী, তিনজন প্রতিমন্ত্রী এবং ২১টি আসনের সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা গ্রহণ করা হবে।
সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ আমাদের সময় আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজগুলো সম্পন্ন করতে পারবো। ইতোমধ্যে ১৮০ দিনের কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। খুব শিগগিরই আপনাদের তা জানানো হবে।
ব্রিফিংকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আরআই/টিকে