সরকারের ভাবমূর্তি যেন কেউ নষ্ট করতে না পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডা. জাহিদ
ছবি: সংগৃহীত
০৯:৩৩ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘কেউ যেন অপকর্ম করে সরকারের ভাবমূতি নষ্ট করতে না পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। সেই সঙ্গে প্রশাসনকে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করতে হবে।’
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘হিলি রেলস্টেশনের সমস্যা, হিলি স্থলবন্দর আধুনিকায়ন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মাদক প্রতিরোধসহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে শিগগিরই উদ্যোগ গ্রহণ করা হবে।’
হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফৌরদৌস হোসেনের সভাপতিত্বে মতবিনিয়সভায় আরো উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সভাপতি আকরাম হোসেন, সহসভাপতি আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, হাকিমপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, শপথ গ্রহণের পর আজ শনিবার দুপুর ১২টায় তার নির্বাচনী এলাকা দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এর আগে তিনি নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে তিনি বিরামপুরে ইফতার মাহফিলে যোগ দেন।
এমআর/টিকে