© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দলকানা কর্মকর্তা দেখতে চাই না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
দলকানা কর্মকর্তা দেখতে চাই না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৯ এএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘আমরা অতীতের মতো দলকানা কোনো কর্মকর্তাদের দেখতে চাই না এবং প্রত্যাশাও করি না।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) যশোরের বিভিন্ন দাফতরিক প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত এ কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা ( সরকারি কর্মকর্তা) পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করবেন। কোনো রাজনৈতিক পরিচয়কে তুলে ধরে বিশেষ আনুকূল্য পাবার কোনো সুযোগ নেই কিংবা ট্যাগিংয়ের প্রয়োজন নেই। আপনার পারফরম্যান্স আপনার হয়ে কথা বলবে।


জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ‘যতক্ষণ আপনার পারফরম্যান্স আপনার হয়ে কথা বলবে কিংবা আপনি সরকারের নির্বাচনী ইশতেহারের সমন্বয়ে কাজ করেন তাহলে আমরা যে কারও সঙ্গে কাজ করতে প্রস্তুত। কিন্তু কারও মধ্যে অসৎ উদ্দেশ থাকলে সমস্যাটা সেখানে।’


তিনি বলেন, ‘জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাটা উপলব্ধির জায়গা থেকে কাজ করলে কোনো সমস্যা হবে না। আজকে জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করেছে। আমাদের দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে।’

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমাদের মনে রাখতে হবে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে কাজ করছি। এটা প্রতি মুহূর্তে আমাদের স্মরণে রাখতে হবে। যে কথাটি আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। গণতান্ত্রিক সরকারকে প্রতি মুহূর্তে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। সরকার নির্বাচনী ইশতেহারে যে কথাটি বলেছে তার কোনো ব্যত্যয় হলে তো জনগণের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই সরকারের নির্বাচনী ইশতেহার বিবেচনায় নিয়ে কাজ করলে সবার জন্য সহজ হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘মুক্তেশ্বরী নদের জায়গা দখল করে প্লট হিসেবে বিক্রি করা হয়েছে। অতীতে যারা সরকারি দলে ছিলেন তারাই এই অপকর্মগুলো করেছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমার রাজনৈতিক দলের কোনো ঊর্ধ্বতন ব্যক্তি এমন কাজের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে আপনারা (প্রশাসন) ব্যবস্থা নেবেন।’

অতীতে জনগণের সম্পদ গ্রাস হয়েছে আগামীতে হবে না জানিয়ে তিনি বলেন, ‘আমরা আপনাদের কাজে সহায়তা করবো। আমার দলের কোনো ব্যক্তি যদি আপনাদের কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাকে বরদাস্ত করা হবে না। মনমানসিকতা ফ্রি করে কাজ করবেন।’

বিভিন্ন দাফতরিক প্রধানদের উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা যশোরের হয়ে আমার কাছ থেকে কাজ আদায় করে নেন। আমি আপনাদের হয়ে মন্ত্রণালয়ে দৌড়াবো। অতীতে জনগণের সঙ্গে কোনো প্রকার সংযোগ ছাড়াই কাজ হয়েছে। যে কারণে জনগণের কোনো সমস্যার সমাধান হয়নি।’

এ সময় যশোর শিশু হাসপাতালের এনআইসিইউ, করোনারী কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপ যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল, বিসিক ঝুমঝুমপুর এলাকায় ফায়ার ব্রিগেডের সাব স্টেশন, বিশেষায়িত হিমাগার তৈরির বিষয় কথা বলেন তিনি।

এ ছাড়াও ভবদহসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং খাল খননের বিষয় কথা বলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রমজানের প্রথম দিন পৌর এলাকায় উচ্ছেদ অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘এটা অনির্বাচিত সরকার করতে পারে। নির্বাচিত সরকার পারে না। আমরা ফুটপাত দখলমুক্ত করবো, যানজট নিরসন করবো সবই ঠিক আছে। এ ক্ষেত্রে মানবিক হতে হবে। তাদের জন্য বিকল্প কিছু করতে হবে।’

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আবারও মাদক সন্ত্রাস, কিশোর গ্যাং মুক্ত নিরাপদ যশোর গড়ার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন: পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) সুজন সরকার, যশোর এন এস আইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের পারভেজসহ প্রতিটি সরকারি দফতরের প্রধানগণ।

টিজে/টিএ  

মন্তব্য করুন