© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সর্বোচ্চ পারিশ্রমিকে জটিল চরিত্র নিয়ে 'টক্সিক'- এ আসছেন কিয়ারা!

শেয়ার করুন:
সর্বোচ্চ পারিশ্রমিকে জটিল চরিত্র নিয়ে  'টক্সিক'- এ আসছেন কিয়ারা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৩ এএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে চলচ্চিত্র অঙ্গনে। শোনা যাচ্ছে, এই ছবিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় শীর্ষে রয়েছেন কিয়ারা আদভানি। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু ইন্ডাস্ট্রির অন্দরমহলে এমন গুঞ্জনই ঘুরপাক খাচ্ছে।

জানা গেছে, শুরুতে ছবিটিতে চুক্তিবদ্ধ হতে কিছুটা দ্বিধায় ছিলেন কিয়ারা। সাহসী উপস্থাপনা নয়, বরং চরিত্রের ভিন্নমাত্রিক ও জটিল বিন্যাসই ছিল তাঁর ভাবনার কারণ। চরিত্রটি নাকি প্রচলিত ধারার বাইরে, যেখানে অভিনয়ের জন্য প্রয়োজন আবেগের নানা স্তরকে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা। শেষ পর্যন্ত নির্মাতা গীতু মোহনদাস নিজে উদ্যোগ নিয়ে কিয়ারাকে রাজি করান। তাঁর বিশ্বাস ছিল, এই চরিত্রের জন্য কিয়ারাই সবচেয়ে উপযুক্ত পছন্দ।

অন্দরসূত্রে আরও জানা যায়, ছবিতে কিয়ারার কাজ দেখে মুগ্ধ নির্মাতা। তবে একই সঙ্গে শোনা যাচ্ছে, কিছু দৃশ্য নতুন করে ধারণের ইচ্ছা প্রকাশ করেছিলেন যশ, নির্দিষ্ট অংশ আরও নিখুঁত করতে। বড় আয়োজনে নির্মিত ছবিতে এমন সৃজনশীল মতভেদ অস্বাভাবিক নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বরং এসব আলোচনা ছবিটিকে ঘিরে আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।



‘টক্সিক’ ইতিমধ্যেই আলোচনায় রয়েছে এর গাঢ় আবহ ও বৈচিত্র্যময় তারকাবহরের কারণে। ছবিটিতে আরও রয়েছেন নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। সব মিলিয়ে মুক্তির আগেই ছবিটি নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে। গুঞ্জন সত্যি হলে, কিয়ারার চরিত্রই হয়ে উঠতে পারে এই ছবির সবচেয়ে আলোচিত দিক।

তবে আপাতত সবই অপ্রমাণিত তথ্য। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষাই একমাত্র ভরসা। তবু ‘টক্সিক’ ঘিরে যে উত্তাপ ক্রমেই বাড়ছে, তা বলাই বাহুল্য।

এসকে/টিএ

মন্তব্য করুন