‘দৃশ্যম ৩’- এর মুক্তির দিন ঘোষণা!
ছবি: সংগৃহীত
০৫:১৫ এএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো ‘দৃশ্যম ৩’- এর মুক্তির দিন। ২০২৬ সালের ২ এপ্রিল বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। আবারও জর্জকুট্টির ভূমিকায় ফিরছেন মোহনলাল, পরিচালনায় রয়েছেন জিতু জোসেফ। তবে এবার লড়াই শুধু আইনের সঙ্গে নয়, বহুদিন ধরে জমে থাকা এক নির্মম সত্যের সঙ্গেও।
নতুন কাহিনির আভাসে বোঝা যাচ্ছে, গল্পের আবেগী কেন্দ্রবিন্দুতে এসেছে বড় পরিবর্তন। এতদিন বাইরের হুমকি থেকে পরিবারকে রক্ষা করাই ছিল জর্জকুট্টির একমাত্র লক্ষ্য। কিন্তু এবার তিনি লড়বেন ঘরের ভেতরের অস্বস্তিকর সত্যের বিরুদ্ধেও। অতীতের সেই অপরাধ, যা তাদের জীবন বদলে দিয়েছিল, তার ভার এখনো বহন করছে পুরো পরিবার। সময়ের সঙ্গে সঙ্গে সেই গোপন বোঝা আরও ভারী হয়ে উঠছে।
ইঙ্গিত মিলেছে, এবার হুমকি শুধু বাইরের শক্তির কাছ থেকে নয়; বরং মানসিক, ব্যক্তিগত এবং গভীরভাবে পারিবারিক। সুসংগঠিত ও ক্ষমতাশালী শক্তি যখন ঘনিয়ে আসছে, তখন জর্জকুট্টির তৈরি করা নিরাপদ জগতেও ফাটল ধরছে। এতদিন যে দৃঢ়তা ও কৌশলে তিনি পরিস্থিতি সামলেছেন, তা কি টিকে থাকবে? নিজের পরিবারকে বাঁচাতে তিনি আর কত দূর যেতে পারবেন- এই প্রশ্নই হয়ে উঠছে গল্পের মূল সুর।

ছবিটির মর্মস্পর্শী বার্তা জানিয়ে দিচ্ছে, অতীত কখনো চুপ করে থাকে না। যতই লুকানো হোক, সত্য একদিন না একদিন সামনে আসবেই। আর সেই মুখোমুখি হওয়ার মূল্য এবার হয়তো আগের চেয়ে অনেক বেশি চড়া।
পরিচালনার পাশাপাশি কাহিনিও লিখেছেন জিতু জোসেফ। আগের পর্বগুলোর ধারাবাহিকতা বজায় রেখে ফিরছেন মীনা, আনসিবা হাসান এবং এস্থার অনিল। সব মিলিয়ে এবার শুধু রুদ্ধশ্বাস উত্তেজনা নয়, নৈতিক দ্বন্দ্ব ও আত্মসমালোচনার গভীর প্রশ্নও সামনে আনবে ‘দৃশ্যম ৩’। জর্জকুট্টির চরিত্র নতুনভাবে সংজ্ঞায়িত হবে কি না, সেই উত্তর মিলবে মুক্তির দিনেই।
এসকে/টিএ