© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লা লিগা / ওসাসুনার মাঠে ২-১ গোলে হেরে শীর্ষস্থান হারানোর শঙ্কায় রিয়াল মাদ্রিদ

শেয়ার করুন:
ওসাসুনার মাঠে ২-১ গোলে হেরে শীর্ষস্থান হারানোর শঙ্কায় রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৮ এএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
ধারহীন আক্রমণ আর থিবো কোর্তোয়ার ভুলে দীর্ঘ সময় পিছিয়ে থাকার পর, ভিনিসিউস জুনিয়রের গোলে আশা জাগল রিয়াল মাদ্রিদের। কিন্তু শেষ সময়ে তাদের জালে আবার বল পাঠিয়ে স্মরণীয় এক জয় তুলে নিল ওসাসুনা।  

ঘরের মাঠে শনিবার লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে ওসাসুনা। লিগে টানা আট জয়ের পর হারল প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা।

বল দখলে অনেকটা এগিয়ে থাকলেও, রিয়ালকে কখনোই চেনা ছন্দে দেখা যায়নি। গোলের জন্য ১৫টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারলেও, সেগুলোর অধিকাংশই প্রতিপক্ষকে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি। আর ওসাসুনা ১৪ শটের দুটি লক্ষ্যে রেখেই বাজিমাত করল।

আসরে তৃতীয় হারের পর, ২৫ ম্যাচে ১৯ জয় ও তিন ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষেই আছে রিয়াল। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বার্সেলোনা।


তবে, রোববার লেভান্তেকে হারাতে পারলেই শীর্ষে ফিরবে কাতালান ক্লাবটি।

ম্যাচে প্রথম উল্লেখযোগ্য সুযোগটিও পায় ওসাসুনা। ২৪তম মিনিটে হুবেন গার্সিয়ার ক্রসে বিপদ হতে পারতো রিয়ালের; দারুণ সেভ করে দলকে সমতায় রাখেন থিবো কোর্তোয়া।

সাত মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে শটে চেষ্টা করেন কিলিয়ান এমবাপে, কর্নারের বিনিময়ে রুখে দেন সের্হিও এররেরা। পরের মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ডাভিড আলাবার শট রক্ষণে প্রতিহত হয়।

কোর্তোয়ার ভুলেই অবশ্য ৩৮তম মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। প্রতিপক্ষের একটি পাল্টা আক্রমণ রুখতে এগিয়ে যান তিনি। কিন্তু বল ছুঁতেই পারেননি তিনি, উল্টো ফাউল করে বসেন আন্তে বুদিমিরকে। ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি, এবং নিজেই স্পট কিক নিয়ে গোলটি করেন ক্রোয়াট ফরোয়ার্ড বুদিমির।

বিরতির ঠিক আগে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় রিয়াল। অহেলিয়া চুয়ামেনির শট ক্রসবার ঘেঁষে জালে জড়াতে যাচ্ছিল, ঝাঁপিয়ে এক হাত দিয়ে বল বাইরে পাঠান গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতেও রিয়ালের আক্রমণে চেনা ধার ছিল না। তবুও ৫৫তম মিনিটে গোল পেতে পারতো তারা; কিন্তু ডি-বক্সের বাইরে থেকে আর্দা গিলেরের শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়।

আক্রমণে ধার বাড়াতে ৬৪তম মিনিটে দুটি পরিবর্তন করেন রিয়াল কোচ; দানি কার্ভাহাল ও এদুয়ার্দো কামাভিঙ্গাকে তুলে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও ব্রাহিম দিয়াসকে নামান তিনি।

৭০তম মিনিটে এমবাপে জালে বল পাঠালেও, তিনি নিজেই অফসাইডে ছিলেন। এর তিন মিনিট পরেই কাঙ্ক্ষিত গোল পায় তারা। বাঁ দিক থেকে ফেদে ভালভের্দের বাড়ানো পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে, প্রথম ছোঁয়ায় শটে গোলরক্ষককে পরাস্ত করেন ভিনিসিউস।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে দারুণ গোলে ব্যবধান গড়ে দেন রাউল গার্সিয়া। ছয় গজ বক্সে বাঁ দিকে একজনকে কাটিয়ে, দুরূহ কোণ থেকে শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার।

দারুণ এই জয়ে টেবিলে এক ধাপ এগিয়েছে ওসাসুনা। ২৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে তারা।

এই হারের হতাশা সামলে আগামী বুধবার বড় লড়াইয়ে নামতে হবে রিয়াল মাদ্রিদকে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্লে-অফের ফিরতি লেগে তারা খেলবে বেনফিকার বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে ১-০ গোলের জয়ে অবশ্য একটু ভালো অবস্থানে আছে তারা।

এমআর/টিকে 

মন্তব্য করুন