© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলের সময় বাড়ল

শেয়ার করুন:
কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলের সময় বাড়ল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৩ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
দেশের শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী কাঁচাপাট রপ্তানিকারকদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই খাতের ব্যবসায়ীরা এখন থেকে খেলাপি ঋণ পুনঃতফসিলের আবেদনের জন্য আরও বাড়তি সময় পাবেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কাঁচাপাট রপ্তানিকারকেরা আগামী ৩০ জুন পর্যন্ত এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, কাঁচাপাট রপ্তানিকারকদের ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখভিত্তিক বিদ্যমান ঋণের ২ শতাংশ ডাউন পেমেন্ট বা এককালীন জমা দিয়ে আবেদন করার সময়সীমা ছিল গত ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। তবে রপ্তানি কার্যক্রমে বিভিন্ন জটিলতার কারণে অনেক উদ্যোক্তা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। কাঁচাপাট খাতের চলমান সমস্যা বিবেচনা করে এই সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

গ্রাহক তার খেলাপি (শ্রেণিকৃত) ঋণের স্থিতির ২ শতাংশ অর্থ জমা দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে। এই উদ্যোগের ফলে সংকটে থাকা কাঁচাপাট রপ্তানিকারকেরা ঋণ নিয়মিত করার সুযোগ পাবেন, যা দেশের রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

এমআই/টিকে

মন্তব্য করুন