যশোরে ৭৭টি আমেরিকান মোটরসাইকেল উদ্ধার, গোডাউন সিলগালা
ছবি: সংগৃহীত
০৪:২৩ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
যশোরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি গোডাউন থেকে ৭৭টি নতুন আমেরিকান মোটরসাইকেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ঘটনাটি ঘটে শহরের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়িতে। এর আগেও একই গোডাউনে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছিল।
রবিবার পুনরায় অভিযানে গিয়ে সেখানে আমেরিকান ইউএন' কোম্পানির সম্পূর্ণ নতুন ৭৭টি মোটরসাইকেল পাওয়া যায়। তবে গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন, আমদানি অনুমোদন বা অন্য কোনো বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হন।
মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক হিসেবে পরিচিত আবু সাঈদ সাবু অসুস্থতার অজুহাত দেখিয়ে ১০ দিনের সময় প্রার্থনা করে ঘটনাস্থলে অনুপস্থিত থাকেন। পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে গোডাউনটি সিলগালা করার নির্দেশ দেন এবং মোটরসাইকেলগুলো জব্দ অবস্থায় সেখানে রাখার সিদ্ধান্ত নেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিলে ব্যর্থ হলে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো সরকারি হেফাজতে নেওয়া হবে।
আরআই/টিকে