© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উজবেকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শেয়ার করুন:
উজবেকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৬ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদার সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আলোচনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় সুধীজন।

দিবসের কর্মসূচির শুরুতে রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর তিনি প্রবাসী বাংলাদেশি এবং উজবেকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ ছাড়া ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির অব্যাহত সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম তার বক্তব্যে মহান ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায় পৃথিবীর সকল মাতৃভাষা সংরক্ষণ এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যকার সম্প্রীতি আরও শক্তিশালী হবে। রাষ্ট্রদূত বিশ্ব শান্তি ও অগ্রগতির লক্ষ্যে ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধারণ ও প্রসারের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে বাংলাদেশ দূতাবাস ও তাসখন্দ ডিপ্লোম্যাট ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উজবেকিস্তানে নিযুক্ত মিশর, তুর্কমেনিস্তান ও ফিলিস্তিনের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের রেক্টর, অধ্যাপক ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরআই/টিকে

মন্তব্য করুন