মাদ্রাসায় ম্যানেজিং কমিটির নির্বাচন আয়োজনে বাধা নেই
ছবি: সংগৃহীত
০৭:৫১ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সব স্তরের মাদ্রাসায় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জারি করা সাময়িক স্থগিতাদেশের সময়সীমা শেষ হওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়কালীন, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার জন্য পূর্বে অনুরোধ জানিয়ে পত্র জারি করা হয়েছিল। ওই নির্দেশনার সময়সীমা ইতোমধ্যে শেষ হয়েছে।
এ প্রেক্ষাপটে বোর্ডের আওতাধীন সব স্তরের মাদ্রাসার অধ্যক্ষ বা সুপার ও পরিচালনা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির নির্বাচন আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এ চিঠির অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
আরআই/টিকে