চাঁদা না পেয়ে গাড়িচালককে পিটিয়ে হত্যার অভিযোগ, জামায়াত আমিরের নিন্দা
ছবি: সংগৃহীত
০৭:৫৬ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চাঁদা না পেয়ে এক গাড়িচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
আজ রবিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, ‘আজ বিকাল আনুমানিক ৩টায় রাজধানীর যাত্রাবাড়ীতে একজন গাড়িচালককে চাঁদা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজরা পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনার নিন্দা জানাই।’
তিনি বলেন, ‘চাঁদার এ সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে, যেন চাঁদা না দেওয়াই অপরাধ! নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়, তখন এ দায়িত্ব সংশ্লিষ্ট সবার ওপরেই বর্তাবে। মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে? না, আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেব না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি।’
জামায়াত আমির আরো বলেন, ‘দেশকে যারা ভালোবাসেন, তাদের সবার প্রতি আমাদের একই কথা—চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে লড়তে হবে।
আমরা লড়ে যাব, ইনশাআল্লাহ।’
টিএ/