আ. লীগের পরিত্যক্ত কার্যালয়ে শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা
ছবি: সংগৃহীত
১০:৫৭ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
ঝিনাইদহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা দেওয়ার ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দলটির নেতাকর্মীদের দাবি, তারা পরিত্যক্ত ওই কার্যালয়ে ছবি টাঙিয়ে ফুলের মালা দিয়েছেন। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অমিয় মজুমদার জানান, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে নেতাকর্মীরা ঝিনাইদহ শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে ফুলের মালা দেন।
এ সময় পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেন। তবে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ ধরনের কোনো ছবি বা কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় আন্দোলনকারীরা। পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয়টি আরো ভাঙচুর করা হয়।
কার্যালয়ের আসবাবপত্র লুট এবং দরজা-জানালা খুলে নেওয়ার ঘটনাও ঘটে। এরপর থেকে কার্যালয়টি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল।
এসএস/টিএ