© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিরোজপুরে বিএনপি নেতাদের ওপর হামলা, আ. লীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন:
পিরোজপুরে বিএনপি নেতাদের ওপর হামলা, আ. লীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৮ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
পিরোজপুরের জিয়ানগরে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জিয়ানগর থানায় আহত নাহিদ হোসেনের মা মনোয়ারা বেগম মামলাটি করেন।

থানা সূত্রে জানা যায়, উপজেলার পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দীন (টুকু), তার ছেলে রায়হানসহ মোট চারজনকে আসামি করা হয়েছে।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে পত্তাশী বাজার পঞ্চায়েত বাড়ি ব্রিজ এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম ফকির (৫৫), জাসাস সভাপতি জাহিদ হোসেন (৩৮), নাহিদ হোসেন (১৮), নাছির উদ্দীন ফকির (৫০) ও নাইম হোসেন (২৮)। এদের মধ্যে নাহিদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের অভিযোগ, নাসির উদ্দীন টুকুসহ অভিযুক্তরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। 

অভিযুক্ত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা নাসির উদ্দীন টুকু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছি।

আমাকে উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, হামলার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমআই/টিএ

মন্তব্য করুন