এভিয়েশন ও ট্যুরিজম সাংবাদিকদের নতুন সংগঠন ‘BATJA’র আত্মপ্রকাশ
ছবি: সংগৃহীত
১২:৩৯ এএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
এভিয়েশন ও ট্যুরিজম বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নতুন সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (BATJA)। রাজধানীর ঢাকা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠাকালীন সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশ টিভির আলীমুজ্জামান সাফওয়ান, এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের ইমন চৌধুরী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. শাহাদাত হোসেন (দেশ সমাচার), তানজিলা খান মীম (এখন টিভি), কাজী ফয়সাল (চ্যানেল২৪), মুহাম্মদ জাহাঙ্গীর কবির (দৈনিক ইত্তেফাক), মেহেদী হাসান মুরাদ (দৈনিক ইনকিলাব), আরিফুল ইসলাম (নিউজ টোয়েন্টিফোর) এবং মাহতাব মিনহাজ (এটিএন নিউজ)।
নবগঠিত সংগঠনের নেতারা জানান, বেসামরিক বিমান চলাচল, বিমানবন্দর, এয়ারলাইন্স ও এভিয়েশন খাতের সংবাদে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, তথ্যভিত্তিক ও মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত এবং পেশাগত অধিকার রক্ষায় কাজ করবে সংগঠনটি।
বক্তারা বলেন, এভিয়েশন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হওয়ায় এই বিটের সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করা হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির আশা প্রকাশ করা হয়।
সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আবু দারদা জোবায়ের (দৈনিক আমার দেশ) এবং রাজিব খান (চ্যানেল ২৪ ডিজিটাল বিভাগ প্রধান)।
এসএস/টিএ