© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেগমগঞ্জে চোরাই ফোন বিক্রির সময় গ্রেপ্তার ২

শেয়ার করুন:
বেগমগঞ্জে চোরাই ফোন বিক্রির সময় গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৭ এএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন ও সিমসহ দুই পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই স্মার্টফোন ও দুটি সিম উদ্ধার করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে চৌমুহনীর গনিপুর এলাকায় অভিযান পরিচালনা করে হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার চোর চক্রের সক্রিয় সদস্য মো. জোবায়ের হোসেন জুয়েল (২২) ও সাখাওয়াত হোসেন তুহিন (২১)।

র‍্যাব জানায়, রাত্রীকালীন টহলের সময় খবর পাওয়া যায় চৌমুহনী রেলগেট সংলগ্ন গনিপুর রোড এলাকায় চোরাই মোবাইল ফোন বিক্রি করা হচ্ছে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি নীল রঙের লিনোভো কে১২ মডেলের স্মার্টফোন, একটি সিম্ফনি ব্র্যান্ডের স্মার্টফোন এবং দুটি সিম উদ্ধার করা হয়। উদ্ধার করা লিনোভো ফোনটি আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তির চুরি হওয়া ফোন বলে শনাক্ত করা হয়।

জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি আনোয়ার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম চৌমুহনী বাজার এলাকায় গেলে অটোরিকশা স্ট্যান্ডে অজ্ঞাত চোরেরা তার পকেট থেকে মোবাইল ফোনটি চুরি করে নেয়। পরে এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চৌমুহনী ও মাইজদী এলাকায় সক্রিয় চুরি ও ছিনতাই চক্রের সদস্য বলে স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ তাদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে আসামিদের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ছিনতাই, ডাকাতি, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

এসএস/টিএ

মন্তব্য করুন