খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জয়শঙ্করের
ছবি: সংগৃহীত
০৭:০৬ এএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সুবিধাজনক সময়ে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎকালে এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার প্রস্তুতির কথা তুলে ধরা হয়েছে।
সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পারস্পরিক স্বার্থের ভিত্তিতে উভয় দেশের জনগণের কল্যাণে একটি অগ্রগামী ও ভারসাম্যপূর্ণ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে বাংলাদেশের অভিপ্রায় ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এটি ছিল তাঁর প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে তিনি জনমুখী সহযোগিতা জোরদার, পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগ প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনের পর ১২ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান এবং তাঁদের মধ্যে ফোনালাপও হয়। পরে ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকায় এসে ভারতের প্রতিনিধিত্ব করেন এবং প্রধানমন্ত্রীর চিঠি তারেক রহমানের হাতে তুলে দেন।
প্রণয় ভার্মা বলেন, এসব যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে ভারত।
টিজে/টিএ