সবাইকে শান্ত থাকার আহ্বান মেক্সিকোর প্রেসিডেন্টের
ছবি: সংগৃহীত
০১:৫৯ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
মেক্সিকোর শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ‘মাদক সম্রাট’ নেমেসিয়ো ওসেগুয়েরা ওরফে এল মেনচো হত্যাকাণ্ডের পর সবাইকে শান্ত থাকার এবং সচেতন থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় এ আহ্বান জানান তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, শেনবাউম রবিবার এক্স-এ এক বার্তায় লিখেছেন, ‘প্রতিটি রাজ্যের সরকারের সাথে আমাদের সমন্বয় রয়েছে। আমাদের নিজেদেরকে সচেতন থাকতে হবে এবং শান্ত থাকা উচিত।’
গতকাল রবিবার মেক্সিকোর সেনাবাহিনীর একটি গোপন অভিযানে দেশটির শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ‘মাদক সম্রাট’ নেমেসিয়ো ওসেগুয়েরা ওরফে এল মেনচোকে হত্যা করা হয়। তার মৃত্যুর খবরে দেশজুড়ে অশান্তি শুরু হয়েছে। সামরিক অভিযানের পর, জেলিসকো, মিচোআকান, গুয়ানাজাতো, পুয়েবলা এবং সিনালোয়া রাজ্যে অস্ত্রধারী ব্যক্তিরা একাধিক মহাসড়ক অবরোধ করে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে।
এমআর/টিকে