© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল শিলিগুঁড়ির হোটেল মালিকরা

শেয়ার করুন:
বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল শিলিগুঁড়ির হোটেল মালিকরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৬ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশি নাগরিকদের হোটেলে অবস্থানের ওপর আরোপিত দীর্ঘদিনের নিষেধাজ্ঞা অবশেষে প্রত্যাহার করা হয়েছে। সোমবার ২৩ (ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (জিএসএইচডব্লিউএ) এ তথ্য জানায়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে গত ১৭ ফেব্রুয়ারি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন সরকার গঠিত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। সেদিন তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৮ মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটে।

রাজনৈতিক এ পরিবর্তনের পর পরিস্থিতি পুনর্মূল্যায়ন করতে জিএসএইচডব্লিউএ তাদের সদস্যদের মধ্যে একটি আনুষ্ঠানিক ভোটাভুটির আয়োজন করে। সেখানে অধিকাংশ সদস্যই পুনরায় বাংলাদেশিদের জন্য হোটেলের দুয়ার খুলে দেওয়ার পক্ষে মত দেন।

উল্লেখ্য, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ২০২৪ সালের ৯ ডিসেম্বর শিলিগুড়ির হোটেল মালিকরা প্রথম বাংলাদেশি পর্যটকদের ওপর বিধিনিষেধ আরোপ করেছিলেন। পরবর্তীতে ২০২৫ সালের ডিসেম্বর মাসে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে গেলে সেই বিধিনিষেধ পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞায় রূপ নেয়, যার ফলে দীর্ঘ সময় বাংলাদেশিদের জন্য শিলিগুড়ির আবাসন সেবা বন্ধ ছিল। বর্তমানে দুই দেশের সরকার সীমান্ত পারাপারের বিধিনিষেধ শিথিল করায় এবং পারস্পরিক সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটায় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না বলে জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়েছে, সংগঠনের কাছে দেশের নিরাপত্তা ও মর্যাদা সর্বাগ্রে। ভবিষ্যতে যদি কোনো পর্যটকের পক্ষ থেকে দেশবিরোধী, উসকানিমূলক বা অসম্মানজনক কোনো আচরণের পুনরাবৃত্তি ঘটে, তবে পুনরায় কঠোর ব্যবস্থা নিতে তারা পিছপা হবেন না।
আপাতত সংগঠনের নির্দেশনা অনুযায়ী শিলিগুড়ির হোটেলগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য বুকিং প্রক্রিয়া স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে।


ইউটি/টিএ

মন্তব্য করুন