© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার রুমিন ফারহানার কর্মীদের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন:
এবার রুমিন ফারহানার কর্মীদের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৩ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও তার কর্মীদের মারপিটের অভিযোগে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের পর এবার রুমিন ফারহানার কর্মীদের বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে।

গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে আনোয়ার হোসেনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী তামিম মিয়া বাদী হয়ে মামলাটি করেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মামলাটি নথিভুক্ত করেছে সরাইল থানা পুলিশ। মামলায় এজহারনামীয় আসামি ১৭ জন। অজ্ঞাত আসামি ১০০-১৫০ জন।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজহারে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারি ভোরে জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার ও তার বাড়ি সামনে এজাহারনামীয়সহ অজ্ঞাত আসামিরা গালিগালাজ করেন। এ সময় প্রতিবাদ করতে গেলে বাদী তামিমকে মারধর করে তার কাছ থেকে নগদ টাকা লুটে নেন আসামিরা। এছাড়াও ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে রুমিন ফারহানার সমর্থকরা ক্ষিপ্ত হন বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলার বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য জানতে তাকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। তবে বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বিএনপির গুন্ডারা কেবল যে ২১ ফেব্রুয়ারিতে আমাকে শহীদ মিনারে বাধা দিয়েছে তাই নয়, আজকে তারা আমার নেতকর্মীদের নামে মিথ্যা মামলা সাজিয়েছে। ২১ ফেব্রুয়ারিতে পুলিশ প্রশাসনের সামনে পুরো ঘটনা ঘটলেও তারা ছিল মূক বধির। নতুন বাংলাদেশ আর নতুন রাজনীতির এই হলো নমুনা।

এর আগে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য রুমিন ফারহানাকে শ্রদ্ধা নিবেদনে বাধা ও তার কর্মীদের মারপিটের অভিযোগে গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী সরাইল থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এজহারনামীয় পাঁচ আসামি ছাড়াও অজ্ঞাত ১৪০-১৫০ জনকে আসামি করা হয়েছে মামলায়।

এসএন 

মন্তব্য করুন