© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেকনাফে সমুদ্র তীরবর্তী পাহাড়ে আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

শেয়ার করুন:
টেকনাফে সমুদ্র তীরবর্তী পাহাড়ে আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৯ এএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়ন এর সমুদ্র তীর অসংলগ্ন উত্তর শীলখালী গহীন পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  রহস্যময় এ ঘটনায় বিস্তীর্ণ পাহাড়ি বনাঞ্চল পুড়ে গেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয় এবং প্রায় চার ঘণ্টা পর রাত ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্র জানা গেছে, সন্ধ্যার পর শহর মুল্লুক এলাকায় এক যুবক ছনের বাগান পরিষ্কার করার উদ্দেশে পাহাড়ে আগুন দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বাগান ছাড়িয়ে আশপাশের পাহাড়ি জঙ্গলজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে।

বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমান উল্লাহ জানান, বাগান পরিষ্কার করতে দেয়া আগুন মুহূর্তেই আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

স্থানীয় আবছার নামে এক যুবক বলেন, হঠাৎ পাহাড়ে আগুন জ্বলতে দেখে তারা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু পাহাড়ের উচ্চতা বেশি এবং সেখানে পানির কোনো ব্যবস্থা না থাকায় আগুন নেভানো কঠিন হয়ে পড়ে।

এদিকে, এই অগ্নিকাণ্ডে পাহাড়ের গহীন বনাঞ্চল ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বাহারছড়া শীলখালী বিট কর্মকর্তা আবুল কালাম জানান, আগুন লাগার খবর পাওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বন বিভাগের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

এসএস/টিএ

মন্তব্য করুন