১৮ বছরের বেশি বয়সী পুরুষ নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা জারি কুয়েতের
ছবি: সংগৃহীত
০৬:০৩ এএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
১৮ বছর পূর্ণ হলেই সব পুরুষ নাগরিকের জন্য সামরিক সার্ভিস বাধ্যতামূলক করেছে কুয়েত। ১ জানুয়ারি ২০১২ সালে জন্মগ্রহণকারীদের দিয়ে এই বিধান কার্যকর শুরু হবে। খবর খালিজ টাইমসের।
কুয়েত নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘আইন ও প্রক্রিয়াগত ঘাটতি দূর করার’ লক্ষ্যে জাতীয় সামরিক সেবা সংক্রান্ত ২০১৫ সালের আইনে নতুন সংশোধনী আনা হয়েছে।
সংশোধনী অনুযায়ী, নিবন্ধনের সময়সীমা ৬০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করা হয়েছে। একই সঙ্গে একমাত্র পুত্রকে সামরিক সেবা থেকে অব্যাহতি দেয়ার সুযোগ রাখা হয়েছে। সংশোধিত আইনে কুয়েত অয়েল কোম্পানির অগ্নিনির্বাপক কর্মীরাও এখন কুয়েত ফায়ার ফোর্স সদস্যদের মতো অব্যাহতির সুবিধা পাবেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য মতে, নতুন সংশোধনীগুলোর ফলে কিছু প্রশাসনিক প্রক্রিয়া সম্পাদন যেমন সহজ হবে, তেমনি মূল আইনে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত না থাকা বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় জটিলতা দূর হবে। ন্যাশনাল মিলিটারি সার্ভিস অথরিটি বাধ্যতামূলকভাবে নিয়োজিতদের চারটি খাতে দায়িত্ব দিতে পারবে কুয়েত সশস্ত্র বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কুয়েত ন্যাশনাল গার্ড এবং কুয়েত ফায়ার ফোর্স।
এ ছাড়া কর্মরত অবস্থায় সামরিক সেবায় যোগ দেয়া ব্যক্তিদের বেতন, ভাতা ও বোনাস অব্যাহত থাকবে। পাশাপাশি সামরিক সেবার সময়কাল তাদের মোট চাকরির মেয়াদের অংশ হিসেবে গণ্য হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে কুয়েত নিউজ এজেন্সি।
এসএস/টিএ