© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ নয়, ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের আহ্বান ইইউর

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ নয়, ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের আহ্বান ইইউর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৪ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
ইরান ইস্যুতে নতুন করে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের প্রয়োজন নেই। খবর পলিটিকোর।

পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনার মধ্যে ট্রাম্প ইরানকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে সাফ জানিয়েছেন, এই সময়ের মধ্যে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না এলে তেহরানকে ‘কঠিন সামরিক পরিণতি ভোগ করতে হবে।’

এদিকে আগে থেকেই ইরানের আশপাশের বিভিন্ন এলাকায় যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেখানে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়েছে।

সূত্র বলছে, যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত। তেহরান নতি স্বীকার না করলে এ সপ্তাহের শেষ নাগাদই হামলা হতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের মুখোমুখি করতে পারে।

এমন পরিস্থিতিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বক্তব্যে কালাস বলেন, এই অঞ্চল ইতিমধ্যেই একাধিক সংঘাতের ভার বহন করছে। তাই নতুন করে সামরিক সংঘাতে জড়ানো পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

তিনি উল্লেখ করেন, বর্তমানে ইরান তুলনামূলক দুর্বল অবস্থানে রয়েছে। এই সময়টিকে কূটনৈতিক সমাধান খোঁজার জন্য কাজে লাগানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ইরানকে ঘিরে সাম্প্রতিক আন্তর্জাতিক চাপ ও নিরাপত্তা পরিস্থিতির মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কূটনৈতিক পথেই সমাধান চাওয়ার এ বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

টিজে/টিকে  

মন্তব্য করুন