রমজানে জনসম্মুখে পানাহারের অভিযোগে মালয়েশিয়ায় দুই বাংলাদেশিসহ আটক ৬
ছবি: সংগৃহীত
০২:৪৭ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
মালয়েশিয়ার জোহর রাজ্যে রমজানের পবিত্রতা লঙ্ঘন করে জনসম্মুখে পানাহারের অভিযোগে দুই বাংলাদেশি প্রবাসীসহ ছয়জন মুসলিম ব্যক্তিকে আটক করেছে স্থানীয় ধর্মীয় পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জোহর বাহরু ও তাংকাক এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটকদের বয়স ২৯ থেকে ৫৫ বছরের মধ্যে।
অভিযানে আটকদের মধ্যে দুই বাংলাদেশির প্রকাশ্যে খাবার গ্রহণের বিষয়টি স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রথম ঘটনা: জোহর বাহরুর একটি দোকানে অভিযান চালিয়ে ৩০ বছর বয়সি এক বাংলাদেশি যুবককে আটক করা হয়। আটকের সময় তিনি বিভিন্ন তরকারি ও ঝোল দিয়ে সাজানো একপ্লেট ‘নাসি কান্দার’ (জনপ্রিয় মালয়েশীয় খাবার) এবং পানির বোতল নিয়ে আহারে ব্যস্ত ছিলেন। পেশায় ক্যাশিয়ার ওই যুবক জানান, কাজ করতে করতে অতিরিক্ত ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়ায় তিনি রোজা রাখতে পারেননি।
দ্বিতীয় ঘটনা: সকাল ৯টার দিকে তাংকাক এলাকার একটি অমুসলিম কফিশপে বসে কফি পান করার সময় ৩০ বছর বয়সি আরেক বাংলাদেশিকে আটক করে কর্তৃপক্ষ।
এছাড়া জোহর বাহরুতে ৪০ বছর বয়সি এক ব্যক্তি চা পান করার সময় ধরা পড়লে দাবি করেন, তার ফুসফুসে সমস্যা ও প্রচণ্ড কাশি রয়েছে।
৫০ বছর বয়সি অন্য এক ব্যক্তি দাবি করেন, মোবাইলে ভুল অ্যালার্ম সেট করায় তিনি সেহরি খেতে পারেননি, তাই ক্লান্ত শরীরে কফি পান করছেন। এছাড়া মুসলিম গ্রাহকদের দোকানে বসে খাওয়ার সুযোগ করে দেয়ায় একজন ইন্দোনেশীয় দোকান মালিককেও আইনের আওতায় আনা হয়েছে।
জেএআইএনজে জানিয়েছে, আটকদের বিরুদ্ধে জোহর শরীয়াহ ফৌজদারি অপরাধ আইন-এর ১৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের দ্রুতই শরীয়াহ আদালতে সোপর্দ করা হবে। রমজানের পবিত্রতা রক্ষায় এবং জনসম্মুখে পানাহার রোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জোহর স্টেট ইসলামিক রিলিজিয়াস ডিপার্টমেন্ট।
আরআই/টিকে