ময়মনসিংহে কার্যালয় ভাঙচুর করা সেই আয়াস সাজাপ্রাপ্ত আসামি
ছবি: সংগৃহীত
০৪:০৫ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
ময়মনসিংহের শিববাড়ীতে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরে নেতৃত্ব দেওয়া আল নূর মো. আয়াস চেক জালিয়াতির ঘটনায় প্রতারণা মামলার আসামি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং জাতীয় বিপ্লবী মঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব বলে জানা গেছে।
আয়াস ময়মসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোবিন্দখিলা গ্রামের মো. মোস্তফার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় ২০২০ সালের ১৮ জুলাই চেক জালিয়াতির ঘটনায় প্রতারণার মামলা হয় আয়াসের বিরুদ্ধে।
ওই মামলায় ২০২২ সালে গ্রেপ্তার করা হয় তাকে। পরে জামিনে বের হয়ে আরো বেপরোয়া হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে মামলা থেকে রক্ষা পেতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেন। সম্প্রতি ময়মনসিংহের তারাকান্দা ও গতকাল সোমবার (২৩ ফেব্রয়ারি) ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও টায়ারে আগুন লাগানোর ঘটনায় তিনি সরাসরি জড়িত থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের আলোচনায় আসেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, এক সময় এলাকায় ভুয়া চিকিৎসক হিসেবেও পরিচিতি পান আয়াস।
উল্লেখ্য, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা আওয়ামী লীগের নেতা কাজী আজাদ জাহান শামীমের নেতৃত্বে ময়মনসিংহ শহরের শিববাড়ীতে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী পতাকা উত্তোলন করেন। ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর গতকাল সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কার্যালয়টির একটি দেয়াল ভেঙে গুঁড়িয়ে দেয়।
ইউটি/টিএ