© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

শেয়ার করুন:
অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে মাইকিং

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৪ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন নদীর ইজারাকৃত পয়েন্টে বিআইডব্লিউটিএর নির্ধারিত টোলের বাইরে চাঁদা উত্তোলন বন্ধে স্থানীয় এমপির নির্দেশে এলাকায় মাইকিং হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আবুয়া নদী থেকে চলতি ও যাদুকাটা নদীতে ইজারাদার, ইজারাদারের প্রতিনিধি, ব্যবসায়ী, নৌকার মালিক-চালক ও এলাকাবাসীর উদ্দেশে এই মাইকিং করা হয়। বিষয়টিকে স্থানীয় মানুষজন প্রশংসা করেছেন। নদীতে চাঁদাবাজি বন্ধে এই সচেতন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, আজ মঙ্গলবার সকাল থেকে সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল প্রশাসনের সংশ্লিষ্টদের নদীতে মাইকিংয়ের নির্দেশনা দেন। কোন ইজারাদার ও তাদের প্রতিনিধি যাতে বালু পাথর ওঠানামার ঘাটে বিআইডব্লিউটিএর নির্ধারিত টোল ট্যাক্সের বাইরে অতিরিক্ত টাকা না রাখা হয় সে সংক্রান্ত প্রচারণার নির্দেশ দেন। তার নির্দেশে সংশ্লিষ্টরা নদীতে হ্যান্ড মাইক নিয়ে প্রচারণায় নামেন। প্রচারণায় প্রতি ঘনফুট বালু থেকে ২৫ পয়সা এবং পাথর থেকে ৩৪.৫০ পয়সা সরকারি টোলের বাইরে অতিরিক্ত টোল না নেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

প্রতিটি ঘাটে ইজারাদার ও তাদের প্রতিনিধিদের টোল চার্ট টাঙ্গিয়ে দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত টোল আদায় করলে স্থানীয় থানায় মামলা দায়েরের আহ্বানও জানানো হয় মাইকিং প্রচারণায়। সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল বলেন, ব্যবসায়ী ও স্থানীয় সুধীজনের অভিযোগ দীর্ঘদিন ধরে নদীতে বিআইডব্লিউটিএর নামে অতিরিক্ত টোল নেওয়া হচ্ছে। এর সত্যতাও রয়েছে।

তাই অতিরিক্ত টোল আদায় বন্ধে জনগণের উদ্দেশ্যে সচেতনতা মাইকিং চালানোর আহ্বান জানিয়েছি। আমার এলাকায় চাদাবাজি ও জনস্বার্থবিরোধী কাজে আমি সবসময়ই সোচ্চার থাকব।


ইউটি/টিএ

মন্তব্য করুন