তারেক রহমানকে সভাপতি করে একনেকসহ ৩ কমিটি পুনর্গঠন
ছবি: সংগৃহীত
০৯:২৩ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন করা হয়েছে। কমিটির বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রীসহ ছয়জন মন্ত্রী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একনেক কমিটির পাশাপাশি একই দিনে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করেছে সরকার। কমিটিরগুলো পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পুনর্গঠিত কমিটিতে সভাপতি ও বিকল্প সভাপতির পাশাপাশি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিকল্পনা ও অর্থমন্ত্রী, কৃষি, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিল্প, বস্ত্র ও পাট, বাণিজ্য, আইন বিচার ও সংসদ বিষয়ক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীরা সদস্য হিসেবে থাকবেন। সংশ্লিষ্ট এজেন্ডাভুক্ত মন্ত্রণালয়ের মন্ত্রীরাও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন।
একনেক কমিটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব পর্যালোচনা ও অনুমোদন, বাস্তবায়ন তদারকি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করবে। বেসরকারি বিনিয়োগসংক্রান্ত প্রস্তাব বিবেচনা এবং অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবে কমিটি। এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে পরিকল্পনা বিভাগ। এ ছাড়া সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ বিভাগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা।
অন্যদিকে, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, পররাষ্ট্র, শিল্প, বস্ত্র ও পাট, বাণিজ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীরা। এ ছাড়া সংশ্লিষ্ট ক্রয় প্রস্তাবের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরাও সদস্য হিসেবে যুক্ত হবেন।
ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। সহায়তাকারী কর্মকর্তা হিসেবে মন্ত্রিপরিষদসচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা কমিটিকে সহায়তা করবেন।
এ ছাড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়কও অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও আইনমন্ত্রী এ কমিটির সদস্য।
এসএন