দলের নাম ভাঙিয়ে অপরাধ করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : নিপুণ রায় চৌধুরী
ছবি: সংগৃহীত
১০:৪৪ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
দলের নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেছেন, ‘অপরাধী যতই প্রভাবশালী হোক বা দলের পরিচয় ব্যবহার করুক না কেন, তার বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক উভয় ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের অডিটরিয়ামে ঢাকা-৩ আসনের আওতাধীন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।
নিপুণ রায় বলেন, ‘জনগণের আস্থা অর্জন করতে হলে নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডে শৃঙ্খলা বজায় রাখতে হবে। চাঁদাবাজি, দখলদারি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
বুড়িগঙ্গা নদী রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নদীদূষণ রোধে সমন্বিত পরিকল্পনা গ্রহণ জরুরি। এ ছাড়া অবৈধভাবে গ্যাস সরবরাহ, বাসাবাড়ি ও অলিগলিতে কেমিক্যাল গুদাম গড়ে ওঠা এ ঘটনার জন্য দায়ী।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানা রাজস্ব সার্কেলের কর্মকর্তা আলতাফ আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের প্রশাসক সাত্তার বেগ ও কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রমুখ।
আইকে/টিএ