© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি আরব দিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফর শুরু

শেয়ার করুন:
সৌদি আরব দিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফর শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪০ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
অধিকৃত পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে চায় ইসরায়েল। সেজন্য দেশটি সম্প্রতি অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য ফিলিস্তিনের অধিকৃত জমি কেনা সহজ করার মতো বিতর্কিত পদক্ষেপ অনুমোদন করেছে।

ইসরায়েলের অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে আলোচনার জন্য আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উন্মুক্ত কার্যনির্বাহী কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওআইসি সচিবালয়ে অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওআইসির জরুরি অধিবেশনে যোগ দিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মন্ত্রীর। এটি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফর। মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরও জেদ্দায় যাচ্ছেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি দখলদারিত্বের সিদ্ধান্ত, বসতি স্থাপন এবং তথাকথিত ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে আলোচনার জন্য ওআইসি এই জরুরি বৈঠকের আয়োজন করেছে। বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে অব্যাহত সমর্থন দিয়ে আসছে। বৈঠকে বাংলাদেশ নিজেদের অবস্থান তুলে ধরবে।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর খলিলুর রহমানের এটিই প্রথম বিদেশ সফর। সফরে বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণ মূল লক্ষ্য হলেও বৈঠকের ফাঁকে ওআইসিভুক্ত কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন তিনি।

আগামী ২৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এসকে/টিকে

মন্তব্য করুন