‘ব্যক্তিগত গাড়ির পথ করতে’ বেড়িবাঁধের গাছ কাটার ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৭:৩৪ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলার ঘটনায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ আছে, ব্যক্তিগত গাড়ির পথ করতে তিনি গাছগুলো কেটে ফেলেছিলেন।
গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জাহিদুল আলম জাহাঙ্গীরের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহিদুল আলম জাহাঙ্গীর নিজ গাড়ি নিয়ে তার বাড়িতে যাওয়ার পথ সুগম করার উদ্দেশ্যে বেড়িবাঁধে রোপণ করা গাছগুলো কাটেন। এ ধরনের কর্মকাণ্ডকে অন্যায় ও নিন্দনীয় উল্লেখ করে দলটি বলেছে, এটি দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ। এ ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহিদুল আলম জাহাঙ্গীরের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ব্যক্তিগত গাড়ি চলাচলের পথ সুগম করতে গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে ২০টি গাছ কেটে ফেলেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর।
ইউটি/টিএ