স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে ১০ সদস্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন
ছবি: সংগৃহীত
০৩:২৪ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে প্রধান করে ১০ সদস্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির। প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী।
এ ছাড়া কমিটিকে সহায়তা করবেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। তাদের মধ্যে রয়েছেন- মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সেনাসদরের চিফ অব জেনারেল স্টাফ, পুলিশ মহাপরিদর্শক (বাংলাদেশ পুলিশ), মহাপরিচালক (বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি), মহাপরিচালক (আনসার ও ভিডিপি), মহাপরিচালক (প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর-ডিজিএফআই), মহাপরিচালক (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই), মহাপরিচালক (বাংলাদেশ কোস্ট গার্ড), মহাপরিচালক (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর) এবং মহাপরিচালক (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব)।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিটি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে। পরিস্থিতির অবনতি হলে তার কারণ চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। পাশাপাশি হরতাল, অবরোধ, ধর্মঘট এবং জনজীবন ব্যাহতকারী অন্যান্য ঘটনার প্রেক্ষাপটে করণীয় নির্ধারণ এবং সৃষ্ট দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে পরামর্শ দেবে।
কমিটিকে সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ২০২৪ সালের ২০ আগস্ট জারি করা এ সংক্রান্ত পূর্ববর্তী প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
এমআর/টিএ