মাদারীপুরে ২ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
০৭:৩১ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
মাদারীপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আরও দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের প্রথম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এলিয়াম হোসেনের নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম (সামারি ট্রায়াল) পরিচালিত হয়।
এ সময় সদর উপজেলার মস্তফাপুর এলাকায় অবস্থিত শাহাবুদ্দিন ফল ভান্ডার, মুজাহিদ ফল ভান্ডার, মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার এবং নিউ মাতৃ ভান্ডার সুইটস-এ অভিযান চালানো হয়।
অভিযানকালে কয়েকটি প্রতিষ্ঠানে যথাযথ অনুমোদন ছাড়াই নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি ও বিপণন, পাশাপাশি কারখানার পরিবেশও ছিল অস্বাস্থ্যকর থাকায় এ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। অপর দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন আদালত।
অভিযানে উপস্থিত ছিলেন মাদারীপুর নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম। এছাড়া দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক (সদর) ফেরদৌসী আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের স্টাফবৃন্দ, জেলা পুলিশ লাইনস ও সদর থানা পুলিশ এবং জেলা আনসারের একটি দল আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরআই/ এসএন