© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইফতারে ডিম দিয়ে সুস্বাদু চপ তৈরির রেসিপি

শেয়ার করুন:
ইফতারে ডিম দিয়ে সুস্বাদু চপ তৈরির রেসিপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০২ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
রোজার মাসে ইফতারের টেবিলে মুখরোচক কোনো ভাজাপোড়া না থাকলে অনেকেরই তৃপ্তি আসে না। সারাদিন সংযমের পর সন্ধ্যায় একটু মচমচে স্বাদের খোঁজ করেন প্রায় সবাই। যদিও পুষ্টিবিদেরা নিয়মিত ভাজাপোড়া এড়িয়ে চলার পরামর্শ দেন, তবু ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো হলে মাঝে মধ্যে প্রিয় খাবার উপভোগে খুব বেশি সমস্যা হয় না। এমনই একটি জনপ্রিয় পদ ডিমের চপ, যা সহজেই ঘরে তৈরি করা যায়।

ডিমের চপ বানাতে প্রয়োজন সেদ্ধ ডিম দুটি ও সেদ্ধ আলু প্রায় আড়াইশ গ্রাম। এর সঙ্গে লাগবে একটি পেঁয়াজ কুচি, স্বাদমতো কাঁচা মরিচ কুচি, পরিমাণমতো লবণ ও ধনিয়া পাতা। মচমচে আবরণ তৈরির জন্য প্রয়োজন আধা কাপ পাউরুটির গুঁড়া বা বিস্কুটের গুঁড়া। এছাড়া একটি ফেটানো ডিম ও পরিমাণমতো ভাজার তেল রাখতে হবে।

প্রথমে ডিম ও আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে আলুর সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনিয়া পাতা ও লবণ ভালোভাবে মেখে মসৃণ মিশ্রণ তৈরি করতে হবে। সেদ্ধ ডিম অর্ধেক বা চার টুকরো করে কেটে প্রতিটি টুকরোর চারপাশে আলুর মিশ্রণ সমানভাবে মুড়িয়ে চপের আকৃতি দিতে হবে।



এরপর একটি ডিমে সামান্য লবণ মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তৈরি করা চপগুলো ফেটানো ডিমে ডুবিয়ে পাউরুটির গুঁড়ায় গড়িয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম হলে মাঝারি আঁচে চপগুলো সোনালি রঙ না হওয়া পর্যন্ত ভেজে তুলতে হবে।

পরিবেশনের সময় পছন্দের সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করলে ইফতারের আয়োজনে সহজেই যোগ হবে ভিন্ন স্বাদ। ঘরে তৈরি এই ডিমের চপ স্বাদ ও তৃপ্তি দুটোই দেবে, পাশাপাশি থাকবে স্বাস্থ্যবিধির নিশ্চয়তাও।

এমকে/এসএন

মন্তব্য করুন