আ.লীগ নেতাদের জামিন নিয়ে যা বললেন সাদিক কায়েম
ছবি: সংগৃহীত
০৭:৪৫ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সুরক্ষা অধ্যাদেশ উপেক্ষা করে পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইকে মুছে ফেলার অপপ্রয়াস চলছে বলে অভিযোগ করেছেনঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
ডাকসু ভিপি বলেন, 'যারা আজ ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসিত করছেন, তারা মনে রাখবেন-এই আত্মঘাতি পদক্ষেপের পরিণতি থেকে আপনারাও রেহাই পাবেন না; অচিরেই আপনারা নিজেরাও এই অপশক্তির নির্মম শিকারে পরিণত হবেন'।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রদবদলের পরপরই সরকার-ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানকে অন্যায্য সুবিধা দেওয়া শুরু হয়েছে বলেও অভিযোগ তোলেন সাদিক কায়েম। বলেন, 'গণভোট ও জুলাই সনদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুরনো কায়দায় দলীয়করণ ও রাজনৈতিক পরিচয়ে সুবিধালাভের সংস্কৃতির প্রত্যাবর্তন পরিবর্তনকামী মানুষের রায়কে উপেক্ষা করার নামান্তর'।
তিনি আরও বলেন 'বদি, আইভিসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা জামিন পাচ্ছে। তাদের কার্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। একদিকে এই গণশত্রুরা বের হচ্ছে, অন্যদিকে জুলাইয়ের আন্দোলনকারীদের ঢোকানোর নীলনকশা চলছে। যদি এভাবে চলতেই থাকে, তবে জাতির ভাগ্যে দাসত্ব ছাড়া আর কিছুই জুটবে না। সময়ের এই সন্ধিক্ষণে শুভ বুদ্ধির উদয় হওয়া জরুরি; নতুবা ইতিহাসের কাঠগড়ায় কেউই রেহাই পাবেন না'।
টিকে/