© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনলাইন-আইপি টিভিগুলো নীতিমালার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
অনলাইন-আইপি টিভিগুলো নীতিমালার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৪ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, দায়িত্ব নিয়ে মন্ত্রণালয়ে বসে বুঝতে পারছি গত ১৭ বছর কীভাবে মন্ত্রণালয় চলেছে। যেভাবে পারা যায় সেই ভাবেই অনিয়ম ও দুর্নীতি করে পরিচালনা করা হয়েছে। কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি। তবে এখন সবই চলবে নিয়মের ওপর।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজ এলাকা ময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমামলার আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।

তিনি বলেন, একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন তাদেরকে সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করতে চায় না। কারণ স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র বিকাশে অপরিহার্য বলে মনে করেন প্রধানমন্ত্রী।

জানা যায়, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তিনদিনের সরকারি সফরে দুপুরে নান্দাইলে আসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর নান্দাইলে এটি তার প্রথম সফর। এ সময় নান্দাইল সদরে অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে পুলিশের একটি চৌকষ দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। সেখানে উপস্থিত ছিলেন নান্দাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।

 এদিকে প্রটোকল শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। পরে তিনি চৌরাস্তায় অবস্থিত নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন করেন। এ সময় সম্মিলিত সাংবাদিক সমাজ, নান্দাইল ও গফরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে প্রেসক্লাব মিলনায়তনে স্বাগত জানানো হয়।
সেখানে তিনি বক্তব্য প্রদানের সময় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ ও কল্যাণ তহবিল থেকে নীতিমালা অনুযায়ী সহায়তা প্রদানের আশ্বাস দেন।

পরে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নানা পরামর্শ ও নির্দেশ প্রদান করেন। এছাড়াও তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।

এসকে/টিকে

মন্তব্য করুন