© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখব: আমির হামজা

শেয়ার করুন:
কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখব: আমির হামজা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৩ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, মেডিকেল এবং সদর হাসপাতাল নিয়ে কিছু লিখিত অভিযোগ আমার কাছে আছে। আমি জানিয়েছি এগুলো পাল্টাতে হবে। উনারাও প্রথমে ভুল স্বীকার করেছেন এবং মাফ চেয়েছেন। বলেছেন, এটা আমাদের কন্ট্রোলের বাইরে ছিল এবং ওপরওয়ালার দোষ দেয়।

মনে হচ্ছে ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি। সুতরাং যা কিছু হবে আমাকে জানাবেন। কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখব।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমির হামজা বলেন, বিভিন্ন স্পিড মানির কথা বলা হয় এবং কালো কিছু হাত আছে। এই হাতগুলোর কথা গোপনে কেউ কেউ জানিয়েছে। আমি সরাসরি জানিয়েছি, ২ নম্বরি যদি কেউ করতে চায় সরাসরি বলবেন যে, মাওলানার কাছে টাকা দেওয়া আছে। আপনারা উনার কাছে যান।

তিনি বলেন, আমাদের আবেগের জায়গা কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এটা আমরা চালু করতে চাই পুনরায়। কয়েকটা বিভাগ চালু আছে, পূর্ণাঙ্গভাবে যেন চালু হয় সে বিষয়ে আজকে মিটিং ছিল। আমরা দীর্ঘ প্রায় দুই আড়াই ঘণ্টা কথা বলেছি। কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত অলরেডি নিয়েছি।

আপনারা দোয়া করেন আগামী কিছুদিনের ভেতরে অন্তত একটা সুখবর শুনতে পারবেন। এখন এগুলো লং প্রসেসের বিষয়। ৭-৮ টা বিষয় সামনে আছে। দুইটা আজকে হয়েছে। এখনো বাকিগুলো হবে ইনশাআল্লাহ।

এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসকে/টিকে

মন্তব্য করুন