কক্সবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের বিষয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
১১:৪৫ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
কক্সবাজারে এলপি গ্যাস স্টেশনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং আহতদের বিষয়ে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ওই আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।
এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, 'মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ,সরাসরি আমাকে ফোন করে এন আলম গ্যাস স্টেশনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং আহতদের ব্যাপারে খোঁজ নিয়েছেন। বাংলাদেশের মানবিক প্রধানমন্ত্রী।'
এদিকে, কক্সবাজারে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দু'জনকে নেয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে। এছাড়া দগ্ধ ৪ জনকে হাসপাতালটির বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
গতকাল রাতে কক্সবাজারের কলাতলীতে একটি এলপিজি স্টেশনে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পাশের গ্যারেজ ও কয়েকটি বসতঘরেও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুন নেভাতে তাদের সাথে যোগ দেন সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও।
দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডে গ্যাস পাম্পের পাশাপাশি পুড়ে গেছে পাশের গ্যারেজে থাকা অন্তত ২০টি যানবাহন ও কয়েকটি বসতঘর। স্থানীয়রা জানায়, গতকালই পাম্পটি উদ্বোধন করা হয়। এরপর থেকেই পাইপের লিকেজ থেকে গ্যাস বের হতে থাকে। মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হয় পাম্প কর্তৃপক্ষ। একপর্যায়ে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। দগ্ধ ৮ জনের মধ্যে ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
আইকে/টিকে