যশোরে আফিল ব্রিকসে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত
১২:০১ এএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন ‘আফিল ব্রিকস’এ বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
যশোর জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ইফতারের সময় ব্রিকসের ২ নম্বর শেডে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো শেডে ছড়িয়ে পড়ে, যা কারখানার শ্রমিক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যশোর সদর, বাঘারপাড়া, নওয়াপাড়া ও মনিরামপুর স্টেশন থেকে মোট সাতটি ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। ফায়ার সার্ভিস কর্মী, কারখানার শ্রমিক ও স্থানীয় জনতার যৌথ প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় ফায়ার সার্ভিসের দুই কর্মী ও এক শ্রমিক আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আফিল গ্রুপের ম্যানেজার আশরাফুল হক জানান, আগুনে কারখানার শেডে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আইকে/টিকে