রাশমিকা-বিজয়ের বিয়েতে আলোচনায় রাশমিকার ছোট বোন!
ছবি: সংগৃহীত
০৮:০২ এএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের ঐতিহ্যবাহী শহর উদয়পুর-এ বর্ণাঢ্য আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা চলছিল। অবশেষে সেই গুঞ্জনের ইতি টেনে শুভসূত্রে আবদ্ধ হলেন এই দুই তারকা।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি ও দৃশ্যে দেখা গেছে, চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা ও প্রভাবশালী পরিবারের সদস্যরা ইতোমধ্যে উদয়পুরে পৌঁছেছেন। রাজকীয় সাজে সেজে উঠেছে বিয়ের আসর। নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানা গেছে।
এই বিয়েকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন রাশমিকার ছোট বোন শিমান। অনেকেরই অজানা ছিল, দুই বোনের বয়সের পার্থক্য প্রায় ১৬ বছর। বর্তমানে ২৯ বছর বয়সী রাশমিকার ছোট বোনের বয়স প্রায় ১৪। তবে তাকে সচরাচর জনসমক্ষে দেখা যায় না। রাশমিকা ও তার পরিবার সচেতনভাবেই শিমানকে আলোচনার বাইরে রাখেন, যাতে তিনি স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠতে পারেন।

এক সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা জানিয়েছিলেন, কাজের ব্যস্ততার কারণে ছোট বোনের বেড়ে ওঠার অনেক মুহূর্ত কাছ থেকে দেখা হয়নি তার। তিনি বলেছিলেন, বোন যখন কিশোরী বয়সে পা রাখছে, তখন নিজের পেশাগত ব্যস্ততায় পাশে থাকতে পারেননি। গত কয়েক বছরে শিমানের শৈশবের নানা স্মরণীয় সময় মিস করেছেন বলেও আক্ষেপ প্রকাশ করেন এই অভিনেত্রী।
তার ভাষ্য অনুযায়ী, ছুটির দিনে বাড়িতে থাকলে কখনো কখনো আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ছোট বোনের শৈশবের অনেকটা পথ সরাসরি দেখতে না পারার অনুভূতি তাকে নাড়া দেয়। ব্যক্তিগত জীবনের নতুন এই অধ্যায়ে পা রাখার পাশাপাশি পরিবারকে ঘিরে আবেগঘন স্মৃতিও তাই নতুন করে সামনে এসেছে।
এমকে/এসএন