সম্পর্ক ভাঙা ও কাজের দুশ্চিন্তা নিয়ে খোলাখুলি আলাপ আদিত্যর!
ছবি: সংগৃহীত
১২:০৪ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
অভিনয় ও সম্পর্ক ভাঙা উভয়কেই নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন আদিত্য সেনগুপ্ত। ‘প্রজাপতি বিস্কুট’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হওয়া এই অভিনেতা খেয়ালি দস্তিদার এবং অরিন্দম গঙ্গোপাধ্যায়ের পুত্র। সম্প্রতি অভিনেত্রী অনুষা বিশ্বনাথন-এর সঙ্গে সম্পর্ক এবং পরবর্তীতে প্রেম ভাঙা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।
বিদেশে মাস্টার ডিগ্রি শেষ করে মায়ের অসুস্থতার কারণে কলকাতায় ফিরে আসেন আদিত্য। সেখানেই অভিনয় ও ব্যক্তিগত জীবনের নানা পরিবর্তনের মধ্যে পড়েন। তিনি জানান, ‘‘আমাদের নাট্যদল ‘চার্বাক’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্যস্ত আছি। ‘চলো পটল তুলি’ নাটকে মুখ্য চরিত্রে অভিনয় করছি। পাশাপাশি কিছু স্বল্পদৈর্ঘ্য এবং পূর্ণদৈর্ঘ্য ছবির পরিকল্পনা চলছে। এছাড়া বিভিন্ন অডিশনেও অংশ নিচ্ছি।’’

মা-বাবার সঙ্গে পরিচয় থাকায় ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়া সহজ হলেও, আদিত্য বলেন, ‘‘মা-বাপির সঙ্গে পরিচয় থাকলেও মূলত তারা মঞ্চ এবং টেলিভিশনের সঙ্গে যুক্ত। মাসের পর মাস আমি কাজ ছাড়া থাকি। মাঝে মাঝে মনে হয়, কোনও চাকরি পেলে সুবিধা হত। তবু আমি এই মাধ্যমকে খুব ভালোবাসি। তাই এটাকে আঁকড়ে এগিয়ে যেতে চাই।’’
অভিনয় ও সম্পর্কের পরিবর্তনের মধ্যে মানসিকভাবে শক্ত থাকার কথাও জানান তিনি। ‘‘অনুষার সঙ্গে সম্পর্কের দিনগুলো সুন্দর ছিল। পথ আলাদা হয়ে গেছে, কিন্তু আমাদের কিছু বন্ধু এখনও আছে। আমরা নিজেদের মতো এগিয়ে যাচ্ছি।’’ তিনি আরও যোগ করেন, ‘‘মা-বাবা এবং দুই পোষ্যই আমার জীবন। যত ঝড়ই আসুক, পরিবার পাশে থাকলে সব পরিস্থিতির মোকাবিলা করা যায়।’’
এমকে/এসএন