অপহরণ মামলায় ঐশ্বরিয়াসহ গ্রেপ্তার ১১ জন
ছবি: সংগৃহীত
০২:১৫ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতে গাড়ি কেনা-বেচার নামে ডেকে এনে অপহরণ, মারধর ও লুটের অভিযোগে অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঐশ্বরিয়া ওরফে অ্যাশ মেলোকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তাকেসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির নির্মাতা অনীশকে অপহরণ ও হামলার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের পর তদন্তে এ ঘটনা নতুন মোড় নিয়েছে।
গাড়ি বিক্রি করতে গিয়ে অপহরণের ঘটনার পেছনের কারণও তদন্তে উঠে এসেছে। অর্থ সংক্রান্ত পুরোনো বিরোধ এবং সংশ্লিষ্টদের মধ্যে গোপন যোগাযোগ থেকে পরিকল্পিতভাবে এই অপহরণের ঘটনা ঘটানো হয়েছে। অভিনেত্রী ঐশ্বরিয়াসহ অভিযুক্ত ১১ জন এখন হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় আদালত পুলিশকে হেফাজতে থাকা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়া এবং অধিকতর প্রমাণ সংগ্রহে কাজ করার অনুমতি দিয়েছেন। তদন্তকারীরা জানিয়েছেন, হামলার ঘটনাটি আগের অর্থ সংক্রান্ত বিরোধের কারণে হয়েছে। এর মধ্যে রয়েছে আড়াই লাখ টাকার ঋণ এবং ‘জীবনদ ভাষে’ সিনেমায় প্রায় ৫-৬ লাখ টাকা বিনিয়োগ নিয়ে বিরোধ। অভিযুক্তদের ফোন রেকর্ড পরীক্ষা, আর্থিক লেনদেন ও সন্দেহভাজনদের মধ্যে যোগাযোগ সবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
জানা গেছে, নির্মাতা অনীশকে তার গাড়ি বিক্রির ফাঁদে ফেলে উপকণ্ঠের একটি বাড়িতে নিয়ে লাঞ্ছিত করা হয় এবং পূর্ববর্তী অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেয়া হয়। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়া হয়েছে। সেই সঙ্গে তাকে জোর করে গাড়িতে তোলা হয় এবং টোল এলাকার কাছে তাকে মারধর করা হয়। পরে হাসপাতালেও ভর্তি করা হয়। এ ঘটনায় টাকা তোলার জন্য নির্মাতার এটিএম কার্ড ব্যবহারের অভিযোগ মামলাটিকে ডাকাতির ঘটনায় শক্তিশালী করছে।
এমকে/এসএন